রায়গঞ্জে বিজেপির পতাকা ও ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, রায়গঞ্জ, ১ এপ্রিল: বিজেপির পতাকা ও ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রায়গঞ্জ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে রায়গঞ্জ থানার আইসির কাছে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

আগামী ২২ এপ্রিল উত্তর দিনাজপুর জেলার ন’টি বিধানসভার সঙ্গে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেও ভোট গ্রহণ। রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী এবারে রায়গঞ্জ বিধানসভার বিজেপির প্রার্থী। রায়গঞ্জ শহরের প্রতিটি ওয়ার্ডে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ফেস্টুন ব্যানার ও বিজেপির দলীয় পতাকা দিয়ে সাজানোর কাজ শুরু হয়েছে। রায়গঞ্জ পুর এলাকার শক্তিনগর এলাকাতেও বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে ফেস্টুন ব্যানার ও বিজেপির পতাকা লাগানো হয়েছে।

বিজেপির রায়গঞ্জ মন্ডলের সভাপতি অভিজিৎ যোশী অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস আশ্রিত
দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীর প্রচারের ফেস্টুন ব্যানার ও বিজেপির দলীয় পতাকা কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। শুধু তাই নয় পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বরুণ ব্যানার্জি এলাকার বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের হুমকি ও শাসানি দিচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রায়গঞ্জ থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। যদি রায়গঞ্জ থানার পুলিশ যথাযথ ব্যাবস্থা না নেয় তাহলে তৃণমূল কাউন্সিলর বরুণ ব্যানার্জির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। প্রয়োজনে জেলা নির্বাচন আধিকারিকের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন বিজেপির রায়গঞ্জ মন্ডল কমিটির সভাপতি অভিজিৎ যোশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *