আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর:
নবান্ন অভিযানের প্রস্তুতিতে রবিবার বিকেলে মেদিনীপুর শহরে একটি মিছিলের আয়োজন করে বিজেপি। মিছিলের পর সিআইডি তৎপরতা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দিলীপবাবু বলেন, এধরনের ঘটনা কি সিআইডি আগে জানত না। হঠাৎ তাদের ঘুম ভাঙল। আসলে রাজীব কুমারের মতো এক্ষেত্রেও দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হচ্ছে।
দিলীপ ঘোষ বলেন, তৃণমূল বুঝতে পেরেছে দিদি যাদের যাদের নাম বলেছেন তাদের সবাইকেই সিবিআই,
ইডি তুলবে। তখন তৃণমূলের মন্ত্রীরা জেলের মধ্যে বসে মিটিং করবেন। দুর্নীতির ক্ষেত্রে কেউ পার পাবেন না। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে তাদের বউ বাচ্চারা জামা কাপড় নিয়ে জেলে দেখা করতে যাবে।
মদন মিত্রর সমালোচনা প্রসঙ্গে দিলীপবাবু কটাক্ষের সুরে প্রশ্ন তোলেন, ‘মদন মিত্র কি বেঁচে আছেন? কোথায় আছেন তিনি? দিলীপবাবু এদিন জঙ্গি ধরা পড়ার ঘটনা প্রসঙ্গে ডায়মণ্ডহারবার মডেল ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। দিলীপ ঘোষের মন্তব্য, ডায়মণ্ডহারবার মডেল বাংলার পাশাপাশি দেশকেও শেষ করবে।
বিজেপির জেলা অফিস থেকে বের হওয়া মিছিল শহরের রিং রোড পরিক্রমা করে কালেক্টরেট মোড়ে গিয়ে শেষ হয়।

