রাষ্ট্রসংঘের দাগী জঙ্গি, পাক ঘনিষ্ঠ আখুন্দ আফগানিস্থানের নয়া প্রধানমন্ত্রী

আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: শেষ পর্যন্ত আফগানিস্থানের মন্ত্রিসভা ঘোষণা হল। পঞ্জশির দখল এবং গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর পর মঙ্গলবার রাতে ক্যাবিনেটের সদস্যদের নামের তালিকা ঘোষণা করল তালিবানরা। আফগানিস্তানের তালিবান সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মহম্মদ হাসান আখুন্দ। তালিবানি শাসনে আফগানিস্থানের নাম বদল করে রাখা হচ্ছে, ইসলামিক এমিরেটস অফ আফগানিস্থান। কিন্তু এই আখুন্দের নাম রাষ্ট্রসংঘের তালিকায় রয়েছে।

তালিবানদের সরকারে শুধু প্রধানমন্ত্রী নয়, দুজন ডেপুটি প্রধানমন্ত্রী হচ্ছেন। একজন হচ্ছেন মোল্লা আবদুল ঘানি বরাদার ও দ্বিতীয় জন হচ্ছেন মোল্লা আব্দুল সেলাম হানফৌ। আখুন্দ শুধু দেশের প্রধানমন্ত্রী নয় তালিবানের সর্বোচ্চ ক্ষমতাশালী রেভারি সূরাহ গোষ্ঠীর প্রধান হচ্ছেন তিনি। আখুন্দ বরাবরই পাকিস্তানপন্থী। আর সেই কারণেই প্রধানমন্ত্রী পদে তার বসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আফগানিস্থানের ক্যাবিনেটের একাধিক সদস্যের নাম ঘোষণা করেছে। বিদেশ মন্ত্রী হচ্ছে আবাস স্তানিকযাই, প্রতিরক্ষা মন্ত্রী পদে বসেছে মোল্লা ইয়াকুব, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সিরাজুদ্দিন হাক্কানি। তবে এটা আপাতত কার্যনির্বাহী ক্যাবিনেট বলে ঘোষণা করেছে তালিবান মুখপাত্র।

আফগানিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী আখুন্দ বরাবর পাকিস্তান ঘনিষ্ঠ। তালিবানদের হাক্কানি গোষ্ঠীর মাথা ছিলো এই আখুন্দ। আখুন্দের নাম রয়েছে রাষ্ট্রসঙ্ঘের সন্ত্রাসবাদীদের তালিকাতেও। ফলে এমন একজনকে আফগানিস্তানের প্রধানমন্ত্রী করায় বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু তালিবান সংগঠন পরিচালনায় আখুন্দের অভিজ্ঞতা রয়েছে। সম্ভবত সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *