প্রার্থী তালিকায় নেই তাদের কোনও প্রতিনিধি, বিক্ষোভে নামলেন তৃণমূল সমর্থক মতুয়ারা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ মার্চ: তৃণমূলের প্রার্থী ঘোষণার পর গত চারদিন ধরে নেতা কর্মীরাই বিক্ষোভ দেখিয়েছেন। এবারে তৃণমূলের ভোট ব্যাঙ্ক নামে পরিচিত, খোদ মতুয়ারাই তৃণমূলের বিরুদ্ধে পথে নামলেন। তৃণমূল সমর্থক মতুয়ারা সোমবার উত্তর ২৪ পরগনার বাগাদাতে প্রার্থী বদলের দাবিতে মিছিল করে রাস্তা অবরোধ করে। তাঁদের অভিযোগ, এবারে প্রার্থী তালিকায় মতুয়া সম্প্রদায়ের ভক্তদের রাখা হয়নি।

গত কালই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেছিলেন, মতুয়া সম্প্রদায়ের কোনও ভক্ত প্রার্থী তালিকায় নেই। আজ সেই ক্ষোভ চুড়ান্ত আকার নিল এবং মতুয়া ভক্তরা আজ বাগদাজুড়ে বিক্ষোভও দেখান। এদিন কয়েক হাজার মতুয়া ভক্তরা হাতে প্ল্যাকার্ড মুখে হরিবোল আর ডঙ্কা, কাঁসর বাজিয়ে বাগদার বিভিন্ন এলাকা ঘোরেন। পরে হেলেঞ্চা বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি বাগদা নমশূদ্র সম্প্রদায় এলাকা। এই এলাকায় নমশূদ্র কোনও ভক্তকে প্রার্থী করা হোক না হলে আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলছেন মতুয়ারা আমাদের সঙ্গে আছে। অথচ সেই সব এলাকায় মতুয়াদের কোনও প্রার্থী করা হয়নি।

রাজনৈতিক মহলের বক্তব্য, এই মতুয়া ভক্তরাই তৃণমূলের একটা বড় সম্পদ ছিল বলে মনে করেন, এবারে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো আখেরে বিজেপিরই লাভ হবে বলে।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *