২ মে’র পরে বিজেপি পদ্ম ফুলের বদলে সর্ষে ফুল দেখবে: অভিষেক

কুমারেশ রায়, মেদিনীপুর, ২০ মার্চ: ২ মে’র পরে বিজেপি পদ্মফুলের বদলে সর্ষেফুল দেখবে। যখন মানুষজন তিন ঘন্টা প্রচণ্ড রোদে দাঁড়িয়ে থেকে জনসভা শোনেন, তখন তারা সিদ্ধান্ত নিয়ে আসেন যে ভোট কাকে দেবেন। আপনারা এই তীব্র রোদে এতক্ষণ এই জনসভা শুনছেন, অর্থাৎ মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভোট তৃণমূলকে দেবে। শনিবার দাসপুরের ফরিদপুর মাঠে এই কথাগুলো বলেন সাংসদ এবং যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, বিজেপি নেতারা এখন বলছেন সোনার বাংলা করবেন এতদিন ক্ষমতায় থেকে সোনার ভারতবর্ষ হয়নি কেন এতদিন ক্ষমতায় থেকে সোনার উত্তর প্রদেশ সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন? অভিষেকবাবু এই সভা থেকে বিজেপির সর্বভারতীয় নেতাদের চ্যালেঞ্জের সাথে বলেন, হাতে কোনও কাগজ না রেখে মাত্র দু’মিনিট আপনারা বাংলা বলুন, আর আমি কোনও কাগজ না রেখে এক ঘণ্টা টানা হিন্দিতে কথা বলবো। যারা বাংলাকে জানে না বাংলাকে চেনে না, তারা বাংলার কি উন্নয়ন করবে?

অভিষেক বাবু রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের উদাহরণ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬ কোটি টাকার গাড়িতে চেপে কৃষকদের ৬ হাজার টাকা দেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ টাকার হাওয়াই চপ্পল পড়ে বছরে ১০ হাজার টাকা কৃষকদের দেবেন। প্রধানমন্ত্রী অভিযোগ করছেন, রাজ্যে নাকি আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়নি। যদি কারোর মাথার উপর পাকা ছাদ থাকে, যদি স্কুটার থাকে কিংবা স্মার্টফোন থাকে তাহলে আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা পাবেন না। কেন্দ্রীয় বিজেপি নেতারা এখন ডেলিপ্যাসেঞ্জারি করছেন দিল্লি থেকে বাংলায়। উনারা জেদ ধরেছে বাংলাকে লুটেপুটে খাবে আর আমরা জেদ ধরেছি বাংলার উন্নয়ন করবো। আমাদের শিরদাঁড়াটা সোজা। কোনও আপোষ আমরা করবো না, আমরা লড়াই করব মাঠে-ঘাটে ময়দানে থেকে আপনাদের সাথে নিয়ে। যে উত্তরপ্রদেশে মেয়েদের কোনও সুরক্ষা নেই, যেখানে দলিত সম্প্রদায়ের মানুষ নিপীড়িত হন, তারা পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেন কি করে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১০ বছরে কি উন্নয়ন করেছেন তার রিপোর্ট পেশ করেছেন মানুষের কাছে। মোদী সরকার তার ক্ষমতায় কি কি করেছে তার রিপোর্ট কার্ড কোথায়? তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে সরাসরি সামনে এসে তথ্যের লড়াইয়ে নামার কথা বলেন।তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি এদিন মানুষের কাছে সামনে তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিনের সভায় দাসপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ভুঁইঞা, আশিস হুদাইত, সুনিল ভৌমিক সহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *