রাজেন রায়, আমাদের ভারত, কলকাতা, ১৬ জানুয়ারি: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিস্ফোরক মদন মিত্র। “দলের শৃঙ্খলারক্ষা কমিটিকে কোথায় পাওয়া যাবে? দলকে কোথায় জানাবো? কখন জানাবো? কার কাছে জানাবো?” তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের শনিবারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেনন কামারহাটির বিধায়ক।
সম্প্রতি অভিষেকের বিরুদ্ধে মুখ খোলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। সেই প্রসঙ্গে দলীয় সাংসদকে সতর্ক করেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর সংবাদমাধ্যমে তিনি জানান, সংশ্লিষ্ট সকলকে সাবধান করা হয়েছে। কারও কোনও কথা থাকলে দলের অন্দরে জানাতে হবে। সংবাদমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা যাবে না।
মহাসচিবের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার মুখ খোলেন মদন মিত্র কামারহাটির বিধায়ক বলেন, “মহাসচিবকে আমি ধন্যবাদ জানাচ্ছ। তিনি প্রায় এক লক্ষবার বলেছেন শৃঙ্খলারক্ষা কমিটির কাছে যাবে এবং দল বরদাস্ত করবে না। এই স্পিরিটের জন্য ধন্যবাদ। আগে আমাদের কার্যালয় ছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিট। কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণে তাঁর বাড়িতে যাওয়া যাচ্ছে না। তাঁর কাছেও যেতে পারছি না। ফলে প্রশ্ন উঠছে নিয়মরক্ষা কমিটি কোথায় বসবে? উনি বলেছেন দলকে জানাব। কিন্তু দলকে জানানোর কোনও স্কোপ পাচ্ছি না। কোথায় জানাবো? কখন জানাবো? কার কাছে জানাবো? ওনার যদি মনে হয় আমার কথা বিরোধী উনি ব্যবস্থা নেবেন।”

