২৫ বছর পর জমির পাট্টা পেল জলপাইগুড়ির পরেশমিত্র কলোনির ৩১ পরিবার

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ জুলাই: কেউ ২০ বছর কেউবা ২৫ বছর ধরে বসবাস করেও জমি পাট্টা পাচ্ছিলেন না। অবশেষে শুক্রবার জলপাইগুড়ি ২৫ নম্বর ওয়ার্ডের পরেশমিত্র কলোনির ৩১জন পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল জেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় কাউন্সিলরের সহযোগিতার।

এ দিন জেলাশাসকের দফতরে এক কর্মসূচির মধ্য দিয়ে জমির পাট্টা তুলে দেওয়া হয়েছে। জমির পাট্টা না থাকায় এই পরিবারগুলি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছেন। আবাস যোজনার ঘর, বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের থেকে বঞ্চিত ছিলেন পুর নাগরিকরা। ভোট দিলেও সরকারি সুযোগ সুবিধে পেতেন না। অবশেষে জমির পাট্টা পেয়ে সমস্যার সমাধান হল বাসিন্দাদের।

পরেশমিত্র কলোনির বাসিন্দা নিরঞ্জন দাস বলেন, “১৯ বছর ধরে বসবাস করছি। জমির পাট্টা ছিল না। আজকে কাউন্সিলের মাধ্যমে জমির পাট্টা পেয়ে খুশি হলাম।” আরও এক বাসিন্দা সুমিতা দত্ত বলেন, “জমির পাট্টার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছি কিন্তু পাট্টা পাইনি। আজকে কাউন্সিলের উদ্যোগে পাট্টা পেলাম খুব খুশি।”

স্থানীয় কাউন্সিলর পৌষালি দাস বলেন,”নির্বাচনের আগে জমির পাট্টা দেওয়া হবে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজকে ৩১জনকে জমির পাট্টা দেওয়া হল। আরও কিছু জমির পাট্টা দেওয়ার প্রক্রিয়া চলছে। সেগুলোও দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *