চোপড়ার মাঝিয়ালি উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, সিকিউরিটি গার্ডদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে দশটি কম্পিউটার নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ মে: দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি উচ্চ বিদ্যালয়ে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে দশ থেকে ১২ জন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে স্কুলের দুই সিকিউরিটি গার্ডকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কম্পিউটার রুমের তালা ভেঙ্গে দশটি কম্পিউটার নিয়ে চম্পট দেয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার ঘোষ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহঃ মুমতাজ ইসলাম এই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি আরও বলেন, সকলে মিলে এই স্কুলের শিক্ষা পরিকাঠামো থেকে সৌন্দর্যায়নের প্রচেষ্টা চালানো হচ্ছে তার মাঝে এই চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। কম্পিউটার রুম থেকে দশটি কম্পিউটার চুরি যাওয়ায় পড়ুয়াদের অনেকটাই ক্ষতি হবে বলে অনুমান করছেন তারা। চোপড়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।

অন্যদিকে খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চোপড়া থানার আইসি হেমন্ত কুমার শর্মা নিজে স্কুলে পৌঁছান। পাশাপাশি স্কুলের দুই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। ইতিমধ্যেই চোপড়া থানার পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *