ডেপুটেশন দিতে গিয়ে হেনস্থা, দক্ষিণ দিনাজপুরে সিপিএম নেতাদের জামার কলার ধরে বের করে দেওয়ার অভিযোগ অতিরিক্ত জেলাশাসকের বিরুদ্ধে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ জুলাই: দীর্ঘদিন ধরে
অনাবৃষ্টির কারণে কৃষকদের একাধিক সমস্যা নিয়ে ডেপুটেশন দিতে গিয়ে চরম হেনস্থার শিকার সিপিএমের কৃষক সংগঠনের নেতারা। বুধবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে। অভিযোগ, অতিরিক্ত জেলাশাসক শুভাশিস বেজ জামার কলার ধরে সংগঠনের সহ সম্পাদককে তার ঘর থেকে বের করে দিয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অতিরিক্ত জেলাশাসক। যা নিয়েই চরম ক্ষোভ উগড়েছেন অপমাণিত দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক সমিতি। ঘটনার প্রতিবাদে জেলা শাসক এবং বালুরঘাট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তারা।

সারা ভারত কৃষক সভার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক সভার নেতৃত্বরা জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিতে যান। জেলাশাসক না থাকায় অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে যেতেই তাদের সাথে চরম দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। জেলা কৃষক সভার সাধারণ সম্পাদক ও শিক্ষক মোফাজ্জল হোসেনের সাথে ওই দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তার জামার কলারও ধরা হয়ছে বলে অভিযোগ করেছেন মোফাজ্জল হোসেন। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে সিপিএম নেতৃত্বদের রীতিমতো হুমকি দিচ্ছেন ওই সরকারি আধিকারিক। এই ঘটনায় কার্যত হতবাক হয়েছেন সিপিআইএমের জেলা নেতৃত্বরা। জেলা পরিষদের ওই আধিকারিকের বিরুদ্ধে জেলা শাসক, জেলা পুলিশ সুপার ও বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন তারা।

সকিরুদ্দিন আহমেদ ও মোফাজ্জল হোসেনরা বলেন, শান্তিপূর্ণ ভাবে ডেপুটেশন দিতে গেলে তাদের সাথে অশালীন আচরণ করেন অতিরিক্ত জেলাশাসক। জামার কলার ধরে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদের।

যদিও অতিরিক্ত জেলাশাসক শুভাশিস বেজ বলেন, এধরণের কোনো ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে তাদের তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।

জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, এধরণের কোন ঘটনা হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *