পশ্চিমবঙ্গে ১০ বছরে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি আদানি গ্রুপের, হবে ২৫ হাজার কর্মসংস্থান

আমাদের ভারত, ২০ এপ্রিল:কিছুদিন আগে নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে বৈঠকে উপস্থিত ছিলেন আদানি গ্রুপের নতুন প্রজন্ম করণ আদানি। সেদিন তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বিশ্ব বঙ্গবাণিজ্য সম্মেলনে বাবাকে নিয়ে এসো। ছেলের দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন গৌতম আদানি, সঙ্গে বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলায় বিপুল বিনিয়োগের কথাও ঘোষণা করলেন।

বুধবার থেকে বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে কলকাতায়।‌ স্বভাবতই এই সম্মেলনের মধ্যমনি গৌতম আদানি। মঞ্চে দাঁড়িয়ে গৌতম আদানি অঙ্গীকার করলেন আগামী দশ বছরে বাংলায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তার সংস্থা। তাতে প্রত্যক্ষ-পরোক্ষভাবে কর্মসংস্থান হবে অন্তত ২৫ হাজার ছেলেমেয়ের।

তার বক্তৃতায় গৌতম আদানি যেমন বাংলার প্রশংসা করেন তেমনি মমতা বন্দোপাধ্যায়ের প্রশংসা করেন। বাংলার বীরঙ্গনাদের নাম পরপর উল্লেখ করে তিনি বলেন, “আপনি সেই ঐতিহ্য সগৌরবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই বঙ্গভূমি যেমন বদ্বীপ তেমনি আপনি শিল্প-সংস্কৃতি প্রশাসনিক দক্ষতা মিশেলে এক বদ্বীপের মতই। আপনার জনপ্রিয়তার তুলনা নেই। আপনার কারিশ্মা অসাধারণ”। বাংলার প্রশংসা করতে গিয়ে তিনি আজ আওরান সেই প্রবাদ, ‘বাংলা যা আজ ভাবে বাকিরা সেটা কাল ভাবে’।

এই কথা বলার পরেই মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বাংলায় তার সম্ভাব্য বিনিয়োগের কথা বলেন গৌতম আদানি। তিনি জানান বাংলায় বিশ্বমানের পরিকাঠামোর নির্মাণে তার আগ্রহ রয়েছে। সেই সঙ্গে এখানে একটি ডেটা সেন্টার নির্মাণ করতে চান তিনি। সমুদ্রের নিচে দিয়ে কেবল পাতার ভাবনা রয়েছে তার। তাছাড়া ওয়্যারহাউজ, লজিস্টিক পার্ক তৈরি করার ভাবনা রয়েছে আদানি গ্রুপের।

গৌতম আদানি আরো বলেন বাংলায় আদানি উইলমার গ্রুপ তথা ফরচুন এখন ঘরে ঘরে পরিচিত নাম। তাই সেই শিল্প সংক্রান্ত উৎপাদন বাড়াতে চাইছেন তারা।

সারা বিশ্বের বাণিজ্য প্রতিষ্ঠানগুলির রেটিং-এ আদানি গ্রুপ প্রথম একশোর মধ্যে রয়েছে। ফলে বাংলায় আদানির বিনিয়োগের এই প্রতিশ্রুতি অবশ্যই বড় বিষয়। এই সংস্থা তার প্রতিশ্রুতি পালন করলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *