সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ ডিসেম্বর: জমি বিবাদে প্রতিবেশী শিক্ষক ও তার পুত্রকে হত্যার আসামি পিন্টু রুইদাস সহ চারজনকে গ্ৰেপ্তার করেছে বাঁকুড়া পুলিশ। এখবর জানিয়ে পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে ফেরার মূল আসামি সহ চারজনকে পুলিশ গ্ৰেপ্তার করেছে।
গত ৩ ডিসেম্বর বাঁকুড়া শহরের ১১নম্বর ওয়ার্ডের নূতনচটিতে জমি বিবাদের জেরে প্রতিবেশী প্রাক্তন শিক্ষক, তার ছেলে ও স্ত্রীকে ধারালো অস্ত্র ও রড নিয়ে আক্রমণ করে পিন্টু রুইদাস। পুলিশ এসে মারাত্মক জখম অবস্থায় তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে আক্রান্ত প্রাক্তন শিক্ষক মথুরা মোহন দত্ত (৬৪) ও তার পুত্র শ্রীধর দত্ত (২৪) মারা যায়। মথুরাবাবুর স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নৃশংস এই হত্যা কান্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি ওঠে।
এদিকে এই ঘটনার পরেই মূল আসামি পিন্টু রুইদাস সপরিবারে গা ঢাকা দেয়।তারা শহরের লালবাজার এলাকায় আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয় বলে পুলিশ জানতে পারে। কিন্তু সেখানে হানা দিয়ে তাদের খোঁজ পায়নি পুলিশ। সেখান থেকে তারা শহর ছেড়ে পালায় বলে পুলিশ জানতে পারে। তারপরই পুলিশ জেলা লাগোয়া বিভিন্ন এলাকায় ওৎ পেতে থাকে। তৈরী করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। গতকাল দুর্গাপুর বাসস্ট্যান্ডে পিন্টু তার স্ত্রী নমিতা, দুই ছেলে মহেশ্বর ও বিশ্বেশ্বর পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, অভিযুক্ত তার দোষ কবুল করেছে।

