মাস্টার প্ল্যান রূপায়ণের দাবিতে এবিভিপির পোস্টার ঘাটালে

কুমারেশ রায়, মেদিনীপুর, ২২ জুন: ঘাটালের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব ঘাটাল ব্লকের মনশুকাতে এসেছিলেন। তার আগেই ঘাটাল কলেজ মোড়ে বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি ঘাটালে মাস্টার প্ল্যান হচ্ছে না কেন এর জবাব সাংসদের কাছে জানতে চেয়ে পোস্টার লাগায়। দেবের যাওয়ার পথেই এই পোস্টার লাগানো হয়। ওই ছাত্র সংগঠনের নেতৃত্ব সায়ন সেনগুপ্ত জানিয়েছেন, বন্যা থেকে ঘাটালকে মুক্তি দিতে হলে মাস্টার প্ল্যান প্রয়োজন। ঘাটালের সাংসদ দীপক অধিকারীর দায়িত্বের মধ্যে পড়ে পার্লামেন্টে মাস্টার প্ল্যান রূপায়িত করার জন্য পদক্ষেপ নেওয়া। বামফ্রন্টের ৩৪ বছরের আমলে মাস্টার প্ল্যান হয়নি, তৃণমূল সরকারের আমলেও হল না বলে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতৃত্ব।

একটু বৃষ্টিতে ঘাটালে কেন বন্যা হয়, কেন ঘাটালে মাস্টার প্ল্যান হচ্ছে না এই মর্মে কিছু পোস্টার দেওয়া হয়। ঘাটাল কলেজ মোড়ে দেওয়া পোস্টারের মাধ্যমে তারা রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, এখনও কেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু করা হচ্ছে না। ঘাটাল কলেজে অনলাইনে শিক্ষকরা ঠিকভাবে ক্লাস নিচ্ছেন না বলেও, তারা প্রতিবাদ জানিয়েছে পোস্টারের মাধ্যমে। নিকাশি ব্যবস্থার উন্নতি করা হচ্ছে না কেন, পুর প্রশাসনের কাছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জানতে চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *