Abhishek, TMC, অন্তিমপর্বে প্রচারে বড়জোড়ায় এসে বিজেপি প্রার্থীকে কুরুচিকর মন্তব্য অভিষেকের

আমাদের ভারত, বাঁকুড়া,২১ এপ্রিল: জেলার শিল্পশহর বড়জোড়ায় নির্বাচনী প্রচারে এসে ফের বিজেপি প্রার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে আজ বড়জোড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম মিশ্র ওরফে শ্যাম মিশ্রর সমর্থনে প্রচারে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি বলেন, একদিকে শ্যাম মিশ্র নিঃস্বার্থ ভাবে কুড়ি বছরেরও বেশি সময় মানুষের পাশে থেকে কাজ করেছে। আর অন্যদিকে দু’ নম্বরি, দাঙ্গাবাজ বিজেপি প্রার্থী, যার বিরুদ্ধে একাধিক ফৌজদারী মামলা রয়েছে।দাঙ্গা, খুনের চেষ্টা সহ বিভিন্ন অপরাধ মিলিয়ে পাঁচটারও বেশি ফৌজদারি মামলা তার বিরুদ্ধে আছে। এই দু’জনের মধ্যে কার পক্ষে বড়জোড়ার মানুষ থাকবে তার সিদ্ধান্ত তাদের নিতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি তালডাংরায় প্রচারে এসে বিজেপি প্রার্থীকে একই ভাবে কুরুচিকর মন্তব্য করে অভিষেক বন্দোপাধ্যায় বলেন, তীব্র গরম উপেক্ষা করে যে সমস্ত মায়েরা এসেছে শুধুমাত্র তার বা তৃণমূল কংগ্রেস নেতাদের বক্তব্য শুনতে তারা আসেননি। তারা সিদ্ধান্ত নিয়ে এসেছেন আগামী ২৩ এপ্রিল ভোট দিয়ে আবার তৃণমূল কংগ্রেসকে জেতাবে এবং জয়ের ব্যবধান আরো বাড়াবে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বড়জোড়া বিধানসভা এলাকায় লক্ষ্মীর ভান্ডার ৮০ হাজার মহিলারা পাচ্ছেন, যেজন্য মাসে তেরো কোটি টাকার মত খরচ হয়। অন্যদিকে খাদ্য সাথী, কৃষক বন্ধু, যুব সাথী দেওয়া হচ্ছে। প্রায় ৮০ কোটি টাকার গ্রামীণ রাস্তা হয়েছে। আগামী পাঁচ বছরে তা আরও দ্বিগুণ হবে। ১২০০০ জন বাংলার বাড়ি পেয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটা বাড়িতে জল পৌঁছে যাবে। মায়েরা যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন।

তিনি বলেন, ১৭টা পঞ্চায়েত নিয়ে বড়জোড়া বিধানসভা। ১২ বছরে মোদী এই এই বিধানসভার জন্য কী করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরে কী করেছে তা রিপোর্ট কার্ড নিয়ে তিনি চ্যালেঞ্জ করতে পারেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। তৃণমূল সরকার তৈরি হওয়ার পর বড়জোড়ায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। আগে চিকিৎসা পরিষেবা পেতে বাঁকুড়া বা দুর্গাপুরে যেতে হতো। তিনি বলেন, ২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস কথা দিয়েছিল ফায়ার বিগ্রেড হবে, তা হয়েছে। এছাড়াও হাট আশুড়িয়ায় কর্মতীর্থ হয়েছে। তিনি আরো বলেন, ১৬টি রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী আছে, তারা যদি বলতে পারেন লক্ষ্মীর ভান্ডার একজনকেও দিয়েছেন তাহলে তৃণমূল কংগ্রেসের হয়ে কোনদিন ভোট চাইতে আসবেন না।

বড়জোড়ায় কিষাণ মান্ডি হয়েছে, এছাড়া হাতির হামলা থেকে নিরাপদে রাখার জন্য জঙ্গলে বেড়া দেওয়ার ব্যবস্থা হয়েছে। তিনি বলেন, শ্যাম মিশ্র একটি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন এবং করোনার সময় তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন। আগামী দিনে জয়ী হবার পরে মানুষের সঙ্গে থাকবেন। বিজেপি লুটেপুটে নিয়ে যাচ্ছে। একদিকে মোদী নিচ্ছে, অন্যদিকে দিদি দিচ্ছে। তিনি বলেন, বিজেপি জিতলে বড়জোড়ার টাকা গুজরাটে যাবে, কিন্তু তৃণমূল কংগ্রেস জিতলে বড়জোড়ার টাকা বড়জোড়াতেই থাকবে। এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে। এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। যোগী এখানে এসে বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আগামী ১০০ বছরে যাতে বেইমানি করতে না পারে বিজেপি তার জন্য এমন ভাবে তৃণমূলকে জেতাতে হবে। একজন বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী, অন্যদিকে প্রধানমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ইডি- সিবিআই- প্যারা মিলিটারি ফোর্স রয়েছে। তিনি বলেন, যতই করো হামলা বাংলার জয় সময়ের অপেক্ষায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জয়ের পরে চৌমাথা মোড়ে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ণে ২০০ মিটারের দীর্ঘ সেতু একটা ও পাকা রাস্তা হবে। তার জন্য ৩০ হাজার ভোটে জেতাতে হবে।

অন্যদিকে তৃণমূল সাংসদের কুরুচিকর মন্তবের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। তাদের বক্তব্য, তৃণমূলের কালচার এটাই। কোনো মানুষকে সম্মান জানাতে পারে না। বড়জোড়া ও তালডাংরা কেন্দ্রে এবার হারবে জেনে এভাবে ব্যবহার করছে। তবে এই দুই কেন্দ্রের ভোটাররা অভিষেককে যোগ্য জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *