হেমতাবাদে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবতীর

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ নভেম্বর: বাবার বাইকে চেপে বাড়ি ফেরার পথে বাইক থেকে ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মেয়ের। শনিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক সদরের রায়গঞ্জ- বালুরঘাট রাজ্য সড়কে।

পুলিশ সূত্রে জানাগেছে, মৃতার নাম পারমিতা সাহা (২৩), বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার ধনকৈল হরিহরপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন তার বাবা প্রবীর সাহার সঙ্গে মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় হেমতাবাদ থানা পার হতেই সামনে থেকে আসা একটি লরি পাশ কাটাতে গেলে মোটর বাইকে ধাক্কা লাগলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এর ফলে বাইকের পেছন থেকে রাস্তায় পড়ে যায় পারমিতা এবং উল্টোদিকে পড়ে তার বাবা। আর লরিটির পেছনের চাকা পারমিতার মাথা পিষে দেয়।

খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *