ক্যান্সার আক্রান্ত তরুণকে নিজের গাড়িতে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে গেলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ জুলাই: কথা রাখলেন বন প্রতিমন্ত্রী৷ বৃহস্পতিবার ক্যান্সার আক্রান্ত এক তরুণকে চিকিৎসার জন্য নিজে কলকাতায় নিয়ে গেলেন৷ কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে তরুণ সুশান্ত বেজকে ভর্তি করালেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা৷ সেখানেই তার চিকিৎসা হবে৷ টাকার অভাবে রবিবার বেঙ্গালুরু থেকে চিকিৎসা না করিয়েই প্রায় দু মাস পর ফিরে আসতে হয় ক্যান্সার আক্রান্ত সুশান্ত বেজকে৷ গত মঙ্গলবারই সুশান্তের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা। সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সুশান্তের চিকিসার সব দায়িত্ব তিনি বহন করবেন। তার দুদিনের মধ্যে সেই কথা তিনি রাখলেন৷ কয়েক মাস আগে ফুটবল খেলতে গিয়ে ডান পা ভাঙ্গে যায় লালগড়ের সিজুয়া গ্রামের সুশান্ত বেজের৷ কিন্তু আর্থিক সমস্যার কারণে সঠিক চিকিৎসা করতে পারেনি পরিবার৷ এর পর ধরা পড়ে ক্যান্সার৷

সুশান্তের বাবা রণজিৎ বেজ বলেন, ‘আমি চাষ করি যেটুকু সঞ্চয় ছিল তা সব খরচ হয়ে গেছে। তাই ছেলের চিকিৎসার জন্য সাংসদ কুনার হেমব্রমের মাধ্যমে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের জন্য আবেদন করি৷ সাংসদ লিখিত কাগজ দিয়ে বেঙ্গালুরুর যেতে বলেন৷ কিন্তু তাতে কোনও কাজ হয়নি৷ প্রতিশ্রুতি মতো অর্থ সাহায্য না পেয়ে চিকিৎসা না করিয়েই অসুস্থ ছেলেকে নিয়ে ফিরে আসতে বাধ্য হই।’ এ দিকে যত দিন যাচ্ছে সুশান্তর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। এই ঘটনার কথা শুনে এ দিন সুশান্তদের বাড়িতে যান বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। তারপর তিনিই দায়িত্ব নিয়ে নিজের গাড়ি করে অসুস্থ সুশান্তকে চিকিৎসার জন্য কলকাতা নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *