খোকা ইলিশ ধরায় কাকদ্বীপে আটক মাছ বোঝাই ট্রাক

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১০ জুলাই: দশ ট্রাক খোকা ইলিশ আটক করলেন কাকদ্বীপ মৎস্য ইউনিয়নের কর্মীরা। প্রায় ১ টনের মতো মাছ আটক করা হয়েছে। শনিবার বিকেল থেকে কাকদ্বীপ নতুন বাজারের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে আটক করা হয়েছে এই বিপুল পরিমাণ ইলিশ। মূলত সরকারি নিষেধাজ্ঞা না মেনে খোকা ইলিশ ধরা এবং তা বাজারে বিক্রি করার অপরাধে আটক করা হয়েছে এই মাছ বোঝাই ট্রাক। এই ঘটনার পিছনে যারা জড়িত তাঁদের শাস্তির দাবি জানিয়েছেন কাকদ্বীপ মৎস্য ইউনিয়নের সদস্যরা।

সরকারি নিয়মে ৫০০ গ্রামের কম ওজন বা দশ সেন্টিমিটারের কম সাইজের ইলিশ ধরা আইনত অপরাধ। কিন্তু প্রতিবছর এক শ্রেণির ট্রলার মালিকের বিরুদ্ধে বরাবরই এই ছোট ইলিশ ধরার অভিযোগ ওঠে। এবছর এখনও সেভাবে ইলিশের দেখা মেলেনি। ফলে এমনিতেই মাথায় হাত মৎস্যজীবীদের। কিন্তু এরই মধ্যে এক শ্রেণির অসাধু ট্রলার মালিকের বিরুদ্ধে খোকা ইলিশ ধরার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেল থেকে কাকদ্বীপ এলাকা সরগরম হয়ে ওঠে। এদিন সকাল থেকেই কাকদ্বীপের নতুন রাস্তার মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়কে বেশ কয়েকটি ছোট ইলিশ বোঝাই ট্রাক আটক করেন মৎস্যজীবী ইউনিয়নের সদস্যরা। এখনও পর্যন্ত দশটি ট্রাক থেকে ছোট ইলিশ মিলেছে বলে অভিযোগ ইউনিয়নের নেতাদের। খবর দেওয়া হয়েছে পুলিশ ও মৎস্য দপ্তরের আধিকারিকদের। অভিযুক্ত ট্রলার মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি করেছেন ইউনিয়ন নেতৃত্ব।

মৎস্য ইউনিয়নের নেতা বিজন মাইতি বলেন, “এভাবে খোকা ইলিশ ধরলে আগামীদিনে ইলিশের বংশ শেষ হয়ে যাবে। এর ফলে একদিকে যেমন হাজার হাজার মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি বাঙালিও তার খাদ্য তালিকায় সেরা পদটি হারাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *