ভোটের আগে বারুইপুরে রাজনৈতিক হিংসায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর

আমাদের ভারত, বারুইপুর, ২৫ মার্চ: রাজ্যে নির্বাচন শুরু হচ্ছে আগামী ২৭শে মার্চ। আর দক্ষিণ ২৪ পরগনায় নির্বাচন শুরু হবে ১লা এপ্রিল। কিন্তু তার আগেই রাজনৈতিক সন্ত্রাসের বলি হলেন এক তৃণমূল কর্মী। নিহতের নাম রুলামিন মিদ্দে(৬০)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত মধ্য বেলেগাছি এলাকায়। ঘটনায় আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আইএসএফ, সিপিএম সহ বিজেপি কর্মীদের দিকে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে তৃণমূল কর্মীরা গ্রামে ঘুরে ঘুরে ভোটের প্রচার সারছিলেন, অভিযোগ সেই সময় একদল আইএসএফ, সিপিএম ও তাঁর সাথে বিজেপি কর্মীরা একত্রিত হয়ে তাঁদের উপর হামলা চালায়। ঘটনায় অন্তত পাঁচজন তৃণমূল কর্মী জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্রে করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়। রাতেই আহত তৃণমূল কর্মীদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে রুলামিন মিদ্দে নামে এক তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় এই বর্ষীয়ান তৃণমূল কর্মীর।

ঘটনায় সিপিএম, আইএসএফ জড়িত থাকার অভিযোগ তৃণমূল তুললেও সেই অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম নেতৃত্ব। পাল্টা তাঁদের দাবি, সিপিএম, আইএসএফ কর্মীদের সভায় আচমকা হামলা চালায় তৃণমূলের লোকেরা। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন তাঁদের দলের। তিনজন আইএসএফ কর্মী এখনো পর্যন্ত নিখোঁজ বলে অভিযোগ বারুইপুর পূর্ব কেন্দ্রের সিপিএম প্রার্থী স্বপন নস্করের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। বসানো হয়েছে পুলিশ পিকেট। এই ঘটনায় ইতিমধ্যেই নিহতের পরিবারের তরফ থেকে এই ঘটনায় মোট ১৫ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে বারুইপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *