স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৬ জুন: গুলিবিদ্ধ জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়ার নাকাশিপাড়ায়। আজ সকালে মৃতদেহ দুটি একটি মাঠে পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। এই ঘটনা নাকাশিপাড়া থানা এলাকার।
আজ সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ নাকাশিপাড়া থানার পাটিকাবাড়ি এলাকায় রাস্তার পাশে একটি স্কুল মাঠের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় দুটি মৃতদেহ দেখে এলাকাবাসী। তাদের মুখে, হাতে, গলায় ধারাল অস্ত্রের একাধিক কোপ রয়েছে। প্রাথমিক অনুমান তাদের কুপিয়ে পরে গুলি করে খুন করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও পর্যন্ত বোঝা যায়নি। ঘটনাস্থলে নাকাশিপারার পুলিশ এসে মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠান। মৃতদেহ সনাক্তকরণ করে জানা যায় ওই দুই যুবকের নাম তেঁতুল দফাদার, মোহিত দফাদার দুজনের বয়স আনুমানিক ছত্রিশ সাঁইত্রিশ, দুজনেরই বাড়ি নাকাশিপাড়া থানা এলাকার ধাপারিয়া দফাদার পাড়ায়।

