অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ এপ্রিল: হাতি তাড়াতে গিয়ে হাতির হামলায় জখম হুলা পার্টির এক সদস্য। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া রেঞ্জের কলসিভাঙ্গা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় যে, দুধকুন্ডী ও কলসিভাঙ্গা এলাকায় ১৫ টি দাঁতাল হাতি ঢুকে পড়ে। খবর পেয়ে বুধবার বিকালে হুলা পার্টির সদস্যরা ওই হাতির
দলকে অন্যত্র তাড়ানোর জন্য যায়। সেই সময় আচমকা ওই হাতির দলের একটি হাতি হুলা পার্টির সদস্য সুভাষ মাহাত নামে একজনকে শুড় দিয়ে আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। গুরুতর ভাবে জখম অবস্থায় সঙ্গে সঙ্গে হুলা পার্টির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঝাড়গ্রাম জেলাজুড়ে হাতির হামলার ঘটনা অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় লোকালয়ে ঢুকে হাতির দল তাণ্ডব শুরু করেছে। খাবারের সন্ধানে জঙ্গল থেকে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল ঘেরা গ্রামগুলির বাসিন্দারা।

