মালদহের আদিনা ফরেস্টে দেখা মিলছে প্রচুর শামুক খোল পাখির, ভিড় জমিয়েছেন পাখি প্রেমীরা

আমাদের ভারত, মালদা, ৯ আগস্ট: প্রতিবছর এই সময় আদিনা ফরেস্টে পরিযায়ী পাখিদেরর ভিড় দেখা যায়। আদিনা ফরেস্টে শামুক খোল পাখি ভিড় করে এই সময়। এ বছরও তার ব্যতিক্র ঘটেনি। আর এই পাখি দেখার জন্য মালদা জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পাখি প্রেমী মানুষ আসছে আদিনা ফরেস্টে। পাখিদের দেখতে কোনো বারণ নেই, তবে তাদের বিরক্ত করা যাবে না, এমনই নির্দেশ বনদপ্তরের। গতবছর আদিনা ফরেস্টে প্রায় ২৪০০০ শামুকখোল পাখির দেখা মিলেছিল।

মালদা জেলা বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রজনন করার জন্য মূলত এখানে আসে শামুকখোল প্রজাতির পাখি। মে মাসে তাদের আসা শুরু হয় এবং সেপ্টেম্বরের মাঝামাঝি তারা চলে যায়। মূলত এই পাখিগুলি হিমালয়ের পাদদেশ থেকে মালদহের আদিনা ফরেস্টে আসে। আদিনা ফরেস্টের গাছে তারা বাসা বাঁধে এবং সেখানেই ডিম দেয়। বাচ্চা ফুটিয়ে আবার তারা ফিরে যায় নিজেদের গন্তব্যে।

গাজোল ফরেস্ট রেঞ্জ অফিসার সুদর্শন সরকার জানান, প্রতি বছরই এই সময় পরিযায়ী পাখিদের দেখা মেলে আদিনা ফরেস্টে। তারা বর্ষার প্রথম দিকে আসে এবং সেপ্টেম্বরে তারা চলে যায়। এই পরিযায়ী পাখিদের দেখতে প্রচুর পর্যটকরা আদিনা ফরেস্টে আসে। শামুকখোল পাখিরা প্রতিটি গাছে বাসা বেঁধে ডিম ফুটিয়ে দুই থেকে চারটি করে বাচ্চা দেয়। প্রতি বছর সেপ্টেম্বরের শেষে আমরা পাখি শুমারি করি। সেই সময় পাখির সংখ্যা সঠিকভাবে গণনা করা হয়। ২৪ হাজার পাখি ছিল আদিনা ফরেস্টে। তবে এই বছর পাখির সংখ্যা বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *