আমাদের ভারত, ২২ মে: নারদ মামলা এবার গঠিত হল পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ। কলকাতা হাইকোর্টের ৫ বিচারপতি এই বৃহত্তর বেঞ্চে রয়েছেন। সোমবার সকাল ১১ টায় এইমামলার শুনানি শুরু হবে।
বৃহত্তর এই পাঁচ সদস্যের বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, হরিশ টান্ডন, সৌমেন সেন, অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।
শুক্রবার নারদ মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই মামলার অভিযুক্ত ববি হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানান, তিনি এই রায়ের সঙ্গে সহমত নন। সিবিআই এর পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জামিন স্থগিতাদেশের পক্ষে সাওয়াল করেন। শেষ পর্যন্ত ঠিক হয় এই চার হেভিওয়েট নেতা মন্ত্রীর জামিন হবে না। তবে এদের জেল থেকে ছেড়ে বাড়িতে রাখা হবে। তারা পরবর্তী নির্দেশ পর্যন্ত গৃহবন্দী থাকবেন।
দুই বিচারপতির মধ্যে জামিন নিয়ে মতভেদের কারণেই জামিনের মামলা বৃহত্তর বেঞ্চে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। শুক্রবার সন্ধ্যেবেলা বৃহত্তর বেঞ্চ গঠিত হয়। মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বে ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করে হাইকোর্ট। সোমবার সকাল এগারোটায় পরবর্তী শুনানি শুরু হবে। সূত্রের খবর প্রথম থেকে এই মামলার শুনানি শুরু হবে।চারজন নেতা-মন্ত্রীর জামিনের স্থগিতাদেশ নিয়েই শুরু হবে এই মামলার শুনানি। সিবিআই এর পক্ষে সাওয়াল করবেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা। অভিযুক্তদের পক্ষে সাওয়াল করবেন অভিষেক মনু সিংভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত আইনজীবীরা। গোটা রাজ্যের মানুষের নজর রয়েছে এই মামলার দিকে।

