স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ জুলাই: তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হলো এক কংগ্রেস কর্মীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ব্লকের সাহাপুর ২ গ্রাম পঞ্চায়েতের জাগিরবস্তির নয়াহাঁট এলাকায়। মৃত ওই কংগ্রেস কর্মীর নাম মহঃ জামেরুদ্দিন (৬৫)। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কংগ্রেসের পক্ষ থেকে এই মৃত্যুর ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়েছে।

জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ ব্লকের সাহাপুর ২ গ্রাম পঞ্চায়েতের জাগিরবস্তির নয়াহাঁট এলাকার বাসিন্দা কংগ্রেস কর্মী মহম্মদ জামেরুদ্দিন কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেম। তারপর থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পঞ্চায়েত ভোটের দিনে তাকে ধারালো অস্ত্রে দিয়ে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ।
শনিবার দুপুরের দিকে জামেরুদ্দিন ভোট দিতে গিয়েছিলেন স্থানীয় ভোট গ্রহণকেন্দ্রে। খবর পেয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে জামেরুদ্দিন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ। জামেরুদ্দিনের মৃতদেহটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এলাকার কংগ্রেস নেতা আলি ইমরান রমজ জানিয়েছেন,
“তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করার পর থেকেই জামিরুদ্দিনকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিলো। এই রাগের জেরেই পরিকল্পনা করে তাকে এদিন খুন করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস সরাসরি জড়িত।”
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, “এই মৃত্যুর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। সমস্ত ভিত্তিহীন অভিযোগ।”

