জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ আগস্ট: মাকে খুঁজতে গিয়ে পা পিছলে জলে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ি ব্লকের খাজরা ২ নম্বর অঞ্চলের নিশ্চিন্তপুর গ্রামে। মৃত শিশুর নাম প্রিয়াঙ্কা সিং, বয়স ২ বছর।

জানাগেছে, নিশ্চিন্দিপুর গ্রামের বাসিন্দা স্বপন সিংয়ের স্ত্রী মিলু সিং তার দুই মেয়ে রিয়া এবং প্রিয়াঙ্কাকে ভাত খেতে দিয়ে মাঠের দিকে বেড়িয়ে যায়। মাকে দেখতে না পেয়ে ছোট মেয়ে প্রিয়াঙ্কা বাড়ি থেকে বেড়িয়ে পড়ে। সেই সময় বাড়ির কাছের একটি পুকুরে পা পিছলে পড়ে যায় সে। বোনকে দেখতে না পেয়ে দিদি রিয়া কান্নাকাটি করে খোঁজাখুঁজি শুরু করে। রিয়ার কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পর বাড়ির পেছনের ডোবাতে ছোট্ট প্রিয়াঙ্কার দেহ ভাসতে দেখেন। প্রতিবেশীরা ডোবা থেকে প্রিঙ্কাকার দেহ উদ্ধার করে স্থানীয় খাজরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

