সুশান্ত ঘোষ, হাবড়া, ২৬ ডিসেম্বর: ভাড়া বাড়ি থেকে এক লটারি ব্যবসায়ীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর ২৪ পরগনার হাবড়ায়। সোমবার দুপুর দুটো নাগাদ পুলিশ হাবড়ার আশুতোষ কলোনি থেকে ওই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম শংকর সরকার (৫৩)। তাঁর হাবড়া স্টেশন চত্বরে লটারির দোকান।
স্থানীয় সূত্রের খবর, শংকরবাবু প্রতিদিনের মত, রবিবার রাতে দোকান বন্ধ করে সাড়ে নটা নাগাদ বাড়ি ঢোকেন। সোমাবার দুপুর গড়াতে দেখে বাড়ির মালিকের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পর কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে অচৈতান্য হয়ে মেঝেতে পড়ে আছেন। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে।
প্রতিবেশীরা জানিয়েছেন, দীর্ঘ ১৩ বছর ধরে হাবড়া এলাকাতে রয়েছেন শংকর সরকার। তিনি পেশায় একজন লটারির টিকিট বিক্রেতা। গত এক বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সেই সময় থেকে তিনি একাই থাকতেন ওই বাড়ি ভাড়া নিয়ে। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের পর যানা যাবে মৃত্যু কারণ।

