সিভিক ভলান্টিয়ার সেজে এক ব্যবসায়ীর বিপুল পরিমাণ টাকা ছিনতাই, আতঙ্কিত চোপড়ার বাসিন্দারা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ আগস্ট: সিভিক ভলান্টিয়ারের ইউনিফর্ম পরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ীর থেকে বিপুল পরিমান টাকা ছিনতাই। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভৈষপিটা সংলগ্ন ফলব্রিজ এলাকায়।

জানা গিয়েছে, বুধবার রাতে কাজ সেরে নিজের গাড়ি চালিয়ে ভৈষপিটা থেকে কালুগছে একাই বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী আব্দুল গণি। গাড়িতেই রাখা ছিল ব্যবসার টাকা। ফল ব্রিজের কাছে আসতেই অন্ধকারে সিভিক ভলান্টিয়াররের ইউনিফর্ম পরা ৪ যুবক তার গাড়িটিকে দাঁড় করায়।

কিছু কথাবার্তার পর গাড়ি রেখে কিছুটা দূরে অফিসারের সঙ্গে দেখা করার কথা বলে। কিন্তু আব্দুল গণি রাজী না হলে আরো কয়েকজন দুষ্কৃতি বাইকে সেখানে এসে তাকে ধরে। এরপরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি থেকে পুরো টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তার আত্মীয়রা। আসে চোপড়া থানার পুলিশও।ঘটনায় চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ওই ব্যবসায়ী। সিভিকের পোষাক ব্যবহার করে দুষ্কৃতিদের এই কান্ডে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *