প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২০ মে:
জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতালে উদ্বোধন হলো ৮০ শয্যার সেফ হোমের।
বর্তমান করোনা পরিস্থিতিতে বেডের সমস্যা মেটাতে রাজ্যের সবকটি সরকারি হাসপাতালেই পৃথক করোনা বিভাগ তৈরি করার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী। উঃ ২৪ পরগণায় করোনা আক্রান্তের হার অন্য জেলার চেয়ে বেশি, একারণে উদ্বিগ্ন জেলার স্বাস্থ্য আধিকারিক সহ প্রশাসনিক কর্তারা। রাজ্যে তথা জেলার করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও সেই তুলনায় বেড মিলছে না রোগীদের, এই পরিস্থিতিকে সামাল দিতে বিভিন্ন বিধানসভা এলাকার প্রধান স্বাস্থকেন্দ্রগুলিতে কোভিড ইউনিট এবং সেফ হোমের ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে বেল্লে, শঙ্করপুরে রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতালে করোনায় আক্রান্তদের জন্য সেফহোম চালু করা হলো।

এই সেফ হোমে আপাতত আশিটি বেডের সিদ্ধান্ত করা হয়েছে। সেফ হোমের উদ্বোধন করেন ব্যারাকপুরের নগরপাল মনোজ ভার্মা ও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। এই সেফহোমে গোটা ব্যারাকপুর মহকুমার বিভিন্ন প্রান্তের মানুষ সুবিধা পাবেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

