আমাদের ভারত, হাওড়া, ২ ডিসেম্বর: বাসে করে গাঁজা পাচারের সময় সাঁকরাইল থানার পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। ঘটনায় পুলিশ ৭ গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে। যে বাসটি করে গাঁজা পাচার হচ্ছিল সেই বাসটিও পুলিশ আটক করেছে।
জানাগেছে, বেশ কিছুদিন ধরেই ১৬ নং জাতীয় সড়ক দিয়ে গাঁজা পাচারের খবর আসছিল পুলিশের কাছে। সেইরকম বৃহস্পতিবারেও গাঁজা পাচারের খবর আসে পুলিশের কাছে। আর এরপরেই সাঁকরাইল থানার পুলিশ ১৬ নং জাতীয় সড়কে ধুলাগড় টোল প্লাজার কাছে নাকা চেকিং শুরু করে। সূত্রের খবর, বেলা ১১ টা নাগাদ ওড়িশা থেকে আসা একটি বাসে তল্লাশি শুরু করে পুলিশ। আর তাতেই পাওয়া যায় ৭১ কেজি গাঁজা। এরপরেই বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে। এত বিপুল পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটা পুলিশ খতিয়ে দেখছে।

