আমাদের ভারত, ২ জুন: ইতিমধ্যেই রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনার সুরাহা চেয়ে ২০৯৩ জন মহিলা আইনজীবী দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার এই একই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ৬০০-র বেশি শিক্ষাবিদ। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক ও উপাচার্যরাও। দেশের শীর্ষ আদালতের কাছে তারা লিখিতভাবে পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী হিংসার তদন্ত চেয়ে সিট গঠন করার আবেদন করেছেন।
শিক্ষাদের অভিযোগ, বাঙালি সম্প্রদায়ের মানুষ বর্তমানে ভয়ে ভয়ে বাস করছে রাজ্য। সম্প্রতি বিধানসভা নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তারা হিংসার শিকার হচ্ছেন। বাংলার শাসক দলের সমর্থিত গুন্ডাদের হামলা অথবা হামলার আশঙ্কায় হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী রাজ্যে চলে যাচ্ছেন। অনেকেই অসম, ওড়িশা, ঝাড়খন্ড চলে গিয়েছেন। তাই সমস্ত বিষয়ে পর্যবেক্ষণ করতে জাতীয় মানবাধিকার কমিশনের মতো স্বতন্ত্র কর্তৃপক্ষের হস্তক্ষেপে দাবি করেছেন তারা।
সুপ্রিমকোর্টের কাছে স্বতপ্রণোদিত নোটিশ জারির আবেদন জানিয়েছেন শিক্ষাবিদরা। তাদের দাবি যে ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে তা সহ্য করা চলে না। এর আগে দেশের ২০৯৩ জন মহিলা আইনজীবীও এই একই কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শিশুরাও এই রাজনৈতিক হিংসার শিকার হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। এছাড়াও ১৪৬ জন বিশিষ্ট মানুষ (যাদের মধ্যে প্রাক্তন আমলা, বিচারপতি রাষ্ট্রদূতরাও আছেন) পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা ও আইন শৃঙ্খলার অবনতি নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন।

