জয় লাহা, দুর্গাপুর, ২৯ মার্চ: হোলির দিনে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল চার যুবকের। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন দামোদর নদে। ঘটনায় জলে তলিয়ে অসুস্থ আরও চারজন যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সুত্রে জানা গেছেে, মৃত একজনের নাম অভিরাজ গুপ্তা (১৪)। তার বাড়ি দুর্গাপুর করঙ্গপাড়া এলাকায়। বাকিদের এদিন বিকাল পর্যন্ত নাম পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ৩০ নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়া এলাকার বছর ১২ -১৪ ‘র ৭ জন কিশোর এদিন এলাকায় হোলি খেলার পর ব্যারেজে স্নান করতে যায়। তারা যখন সকলে নদের জলে স্নানে মত্ত, সেই সময় তাদের সঙ্গে বছর ১৬ র আরও তিন কিশোর স্নানে নামে দুপুর নাগাদ। ওই অচেনা তিন কিশোর নদের কিছুটা গভীরে যেতেই একসঙ্গে তলিয়ে যেতে থাকে। নিজেদের বাঁচতে ওই তিন কিশোর এই সাত কিশোরের একজনকে টেনে ধরে। তড়িঘড়ি বাকি ৬ জন কিশোর সহপার্টি’কে টেনে তোলার চেষ্টা করে। কোনক্রমে রক্ষা পেলেও তাদের মধ্যে অভিরাজ গুপ্তা নামে একজন যুবক তলিয়ে যায় ওই তিন কিশোরের সঙ্গে।
ঘটনা নজরে পড়তেই আশপাশের লোকজন কিশোরদের উদ্ধার করে। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ স্থানীয়দের সহযোগীতায় তলিয়ে যাওয়া চারজন কিশোরকে উদ্ধার করে। তাদের হাসপাতালে পাঠালে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃতদের উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। বাকি অসুস্থ কিশোরদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। বড়জোড়া থানার পুলিশ জানিয়েছে, মৃত বাকি তিনজন কিশোরের এখনও নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।”

