আমাদের ভারত, ৮ ডিসেম্বর: অমিত শাহের সঙ্গে বৈঠক হবে সুকান্ত মজুমদারের। সেই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাবেন বিজেপির রাজ্য সভাপতি। এক মাসের মধ্যে ৩০ টি বোমা উদ্ধারের মতো উদ্বেগ জনক ঘটনার কথা বলবেন অমিত শাহকে। এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার।
আজ কি নিয়ে আলোচনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, “পশ্চিমবঙ্গের সমস্ত বিষয় নিয়েই আলোচনা হবে অমিত শাহের সঙ্গে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক, সংগঠনিক এবং বিশেষত পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলব।”
উদ্বেগের সুরে সুকান্ত মজুমদার বলেন, “ভূপতিনগর, বসিরহাট, এছাড়া নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৩০ টি বোমা পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। এই ইউনিক রেকর্ড আর অন্য কোনো রাজ্যে নেই। বাচ্চা ছেলেমেয়েরা বল ভেবে খেলতে গিয়ে বোমায় হাত উড়ে যাচ্ছে। কি সুন্দর স্বর্গরাজ্যে আমরা বাস করছি। এই সমস্ত বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অবগত করব।”
সুকান্ত বলেন, ” বগটুই কান্ডের পর মার্চ মাসে খুব রেগে মেগে মুখ্যমন্ত্রীপুলিশকে বলেছিলেন কোনও কিছু না দেখে সমস্ত বোমা, গুলি, বন্দুক উদ্ধার করতে। আজ মার্চ মাস থেকে নভেম্বর মাস। নভেম্বর মাসে প্রায় ৩০ দিনে গোটা রাজ্যে এমন কোনও জেলা পাবেনা যেখান থেকে বোমা উদ্ধার হয়নি। তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনের উপর বিন্দুমাত্র কন্ট্রোল নেই?”
সুকান্তর অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনাকে বারুদের স্তুপের উপর বসিয়ে রেখেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। সেখানে বিজেপি কর্মীদের ওপর অকথ্য অত্যাচার করেছে। এখন নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্ধে মেতেছে ওরা। বিরোধী না থাকলে খুব স্বাভাবিক তখন নিজেদের মধ্যে লড়াই হবে। তবে খুব তাড়াতাড়ি ওই বোমা, গুলি সব বিজেপির কর্মীদের দিকে ঘুরে যাবে বলে দাবি বিজেপি রাজ্য সভাপতির।

