করোনা বিধি ভাঙায় মেদিনীপুরে গ্রেফতার ২৫ জন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ জুলাই: শনিবার রাতে মেদিনীপুর শহরজুড়ে তল্লাশি চালিয়ে করোনা বিধি লঙ্ঘনকারী ২৫ জন আড্ডাবাজকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। মেদিনীপুর শহরের চারটি ওয়ার্ডকে পুরোপুরি এবং দুটি ওয়ার্ডকে আংশিক কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছেন জেলা শাসক। তারপরই সংশ্লিষ্ট এলাকায় ঘুরে জেলাশাসক রশ্মি কোমল ও পুলিশ সুপার দীনেশ কুমার সহ পদস্থ আধিকারিকরা বুঝিয়ে দিয়েছিলেন কড়া হাতেই বলবৎ করা হবে কন্টেনমেন্ট আইন। সেইমতো শনিবার রাতে মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে ট্রায়াল রান শুরু হয়।

পুলিশের ঘোষণা ছিল প্রয়োজন ছাড়া রাত ৯টার পর শহরের বাকি অংশের মানুষও ঘরের বাইরে বের হতে পারবেন না। সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাস্তার মোড়ে, কলেজ ময়দান সহ বেশ কয়েকটি জায়গায় আড্ডা দেওয়ার অভিযোগে শনিবার রাতে ২৫ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। তুলে আনা হয়েছে ডজন খানেক বাইকও। পুলিশ এদিন রাত ১০টা থেকে পরপর অভিযান চালায় মেদিনীপুর শহরের কলেজ মোড়, গান্ধী মোড়, রাজা বাজার, কোতবাজার, বটতলা এলাকায়।

নজর কাড়া অভিযান চলে মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে। রাত ১০টা ১৫ নাগাদ মাঠের তিন দিক থেকে অভিযান চালানো হয়। পুলিশের একটি দল মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের গেটের মুখোমুখি রাস্তা ঘিরে ফেলে। অন্য একটি দল পুরনো জেলখানার দিকের রাস্তার দখল নেয় যাতে বিদ্যাসাগর হলের রাস্তা ধরে কেউ পালাতে না পারে। আরেকটি দল দখল নেন ডিআই অফিসের রাস্তার। এরপর মাছ ধরার জালের মতই গুটিয়ে আনা হয় অভিযান। প্রায় ১৫জনকে এখান থেকেই ধরা হয়। সব মিলিয়ে  গ্রেপ্তার হয় ২৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *