অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০ জুন: বিধানসভা ভোটের আগে বিজেপির বিপুল প্রচারের পরেও প্রচুর জনসমর্থন নিয়ে তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। তৃণমূল ক্ষমতায় আসার পর সারা রাজ্যে বিজেপির ছোট বড় নেতাদের তৃণমূলে যোগদানের খবর এখন যেন নিত্য দিনের ঘটনা হয়ে গেছে। কিন্তু তৃণমূলের এই ভরা বাজারে একপ্রকার উলট পুরাণ দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে।
বুধবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ফানিয়ামারা গ্রামের তারকেশ্বর বাড়ির নেতৃত্বে ২৫টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে দাবি বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির। এদিন তৃণমূল থেকে আসা রাজনৈতিক কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন স্বপন রথ, সমরায় মুর্মু, সুমন্ত মহান্তি, খগেন মহাপাত্রর মতো বিজেপি নেতারা।
তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী এক কর্মী বলেন, আমাদের সাথে খারাপ করা হয়েছে। আমরা দলে থেকে ভোটের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই মতো কাজ করতে পারছিলাম না। দলের পক্ষ থেকেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেইমত আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম।কিন্তু এখন তা পুরণ করতে না পারায় এলকার মানুষের কাছে কথা শুনেতে হচ্ছে। তাই আমরা ২৫ টি পরিবারের বিজেপিতে যোগদান করলাম এবং বিজেপির হয়ে সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো তুলে দিতে চাই।

