গঙ্গা জলে ১৮ শতাংশ জিএসটি! বিবৃতি দিয়ে কী জানালো কেন্দ্র?

আমাদের ভারত, ১২ অক্টোবর: হিন্দুদের নিত্য পূজো থেকে শুরু করে সমস্ত ধরণের ধর্মীয় আচারে অন্যতম উপকরণ গঙ্গা জল। কিন্তু সেই গঙ্গা জলেও এবার জিএসটি বসেছে। অন্যান্য সামগ্রীর মতো আঠারো শতাংশ কর বসেছে গঙ্গা জলে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পরে। গঙ্গা জলে জি এস টি বসানো হয়েছে এই অভিযোগ তুলে মোদী সরকারের বিরুদ্ধে সরব হন কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খাড়গে। কিন্তু কংগ্রেস সভাপতির এই অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়ে কেন্দ্র জানিয়েছে গঙ্গা জলের উপর কোনও রকম কর বসানো হয়নি। সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টম গঙ্গা জলের উপর কোনও কর বসায়নি।

বৃহস্পতিবার উত্তরাখণ্ড পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। সেখানে তিনি পার্বতী কুন্ডে পুজো দিয়ে আদি কৈলাস এর কাছে প্রার্থনা করেন। আর ঠিক সেই সময়েই গঙ্গা জলের উপর জি এস টি বসানোর অভিযোগ তুলে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস সভাপতি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে খাড়গে লেখেন, “ভারতীয়দের কাছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে মা গঙ্গার গুরুত্ব বিরাট। আপনি আজ উত্তরাখণ্ডে আছেন এটা খুব ভালো। কিন্তু আপনার সরকার পবিত্র গঙ্গা জলের উপর ১৮ শতাংশ জিএসটি বসিয়েছে। এটা লুটপাট ভন্ডামীর চরম পর্যায় বলে মন্তব্য করেন খাড়গে।

কিন্তু এই তথ্য সম্পূর্ণ ভুল বলে বিবৃতি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় কর নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টম। বিবৃতি দিয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, গৃহস্থদের পূজায় ব্যবহৃত হয় গঙ্গা জল তথা সমস্ত পুজো সামগ্রী জিএসটির বাইরে। জি এস টি লাগু হওয়ার সময় থেকে এটা জিএসটির বাইরে রাখা হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, জিএসটি কাউন্সিলের ১৪ তম এবং ১৫ তম বৈঠকে পুজো সামগ্রীর ওপর জি এস টি লাগু করার বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং এগুলোকে জিএসটি তালিকার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশের প্রতিটি মানুষ গঙ্গা নদীর সুবিধা পায়। কিন্তু পুজো থেকে আরম্ভ করে হিন্দুদের সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে গঙ্গাজল বিশেষ প্রয়োজনীয় সামগ্রী। ফলে সেই গঙ্গা জল পেতে যাতে সমস্যা না হয়, সেজন্য ২০১৬ সাল থেকে দেশের প্রতিটি পোস্ট অফিসে গঙ্গাজল বিক্রি শুরু করেন নরেন্দ্র মোদী সরকার। প্যাকেট মিনারেল জলের মতো বোতলে ঋষিকেশ ও গঙ্গোত্রীর জল বিক্রি হয়। জলের পরিমাণ অনুসারে দাম রাখা হয়েছে। ঋষিকেশের গঙ্গা জলের ২০০ ও ৫০০ মিলি লিটার বোতলের দাম যথাক্রমে ১৫ টাকা ও ২২ টাকা আর গঙ্গোত্রী গঙ্গা জলের ২০০ ও ৫০০ মিলিলিটার বোতলের দাম যথাক্রমে ২২ টাকা ও ৩৫ টাকা।

1 thoughts on “গঙ্গা জলে ১৮ শতাংশ জিএসটি! বিবৃতি দিয়ে কী জানালো কেন্দ্র?

  1. Chiranjib Mondal says:

    কংগ্রেস সরকার দেশের মানুষ কে ভুল বলেছেন কেন ?

Leave a Reply to Chiranjib Mondal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *