আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ জুলাই: জলপাইগুড়ি শহরে করোনার থাবা অব্যাহত। অন্যদিনের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়ে রবিবার শহরের পুর এলাকায় একদিনে আক্রান্ত হলেন পনেরা জন বাসিন্দা। সংক্রমের সংখ্যা হুহু করে বাড়ায় উদ্বিগ্ন পুর কর্তৃপক্ষ। শহরবাসীকে সচেতন ও মাস্ক ব্যবহারের বার্তা দেওয়া হচ্ছে।

চলতি মাসের প্রথম দিন থেকে জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের হদিশ পাওয়া যাচ্ছিলো। কোনোদিন তিন জন আবার কোনো দিন পাঁচ জন আক্রান্তের খোঁজ পাওয়া যায়। কিন্তু ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল তেরো’জন, শুক্রবার তেরো’জন শনিবার পাঁচজন আক্রান্ত হয়। এ দিন চলতি মাসে সবচেয়ে বেশি এক দিনে পনেরো জন আক্রান্ত হয়েছে বলে দাবি পুর কর্তৃপক্ষের।
যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে শহরবাসী সচেতন না হলে চলতি মাসের শেষের দিকে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে পুর কর্তৃপক্ষ। আক্রান্তদের বাড়ি ও এলাকা চিহ্নিত করে জীবাণুমুক্ত করার কাজ চলছে পুর কর্তৃপক্ষের তরফে।

পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মন্ডল বলেন, “রবিবার নতুন করে পনেরো জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন, এই তালিকা আমরা পেয়েছি। আক্রান্তদের চিহ্নিত করার কাজ চলছে। অন্যদিকে সকলের কাছে আবেদন মাস্ক ও স্বাস্থ্য বিধি মেনে চলুন। এভাবে চলতে থাকলে আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভবনা রয়েছে।”

