সম্পূর্ণ শীতকালীন অধিবেশনে সাসপেন্ড তৃণমূলের দোলা সেন শান্তা ছেত্রী সহ ১২ জন সাংসদ

আমাদের ভারত, ২৯ নভেম্বর: সম্পূর্ণ শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন ও শান্তা ছেত্রী। বাদল অধিবেশনের শেষ দিনে সংসদে হট্টগোল করার জন্যই তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। তবে শুধু দোলা কিংবা শান্তা নন সাসপেন্ড হয়েছেন রাজ্যসভার আরো ১০ জন সাংসদ।

সাসপেন্ড হওয়া বাকি দশজনের মধ্যে রয়েছেন শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, অনিল দেশাই, সিপিএমের এলামারাম করিম, কংগ্রেসের ফুলোদেবী নেতাম, ছায়া বর্মা, আর বোরা, রাজামনি প্যাটেল, সৈয়দ নাসির হোসেন, অখিলেশ প্রসাদ সিং।যারা সাসপেন্ড হয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ রাজ্যসভার চেয়ারম্যানের প্রতি নজিরবিহীনভাবে অশ্রদ্ধা প্রদর্শন,দুর্ব্যবহার এবং ইচ্ছাকৃতভাবে নিরাপত্তারক্ষীদের উপর আক্রমণ করে সংসদে কাজ বিঘ্নিত করা।

এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল সাংসদ সুখেন্দু রায় বলেন, কারোর সঙ্গে কথা না বলে সাসপেন্ড করা হয়েছে। কোন নিয়ম মানা হয়নি। কাউকে কথা বলার সুযোগই দেওয়া হয়নি। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে দলের সাংসদদের সাসপেন্ড করা হয়েছে।

বাদল অধিবেশনের শেষ দিনে পেগাসাস ইস্যুতে রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধী সাংসদরা। সরকার বিরোধী স্লোগান দেওয়া ছাড়াও কাগজ ছিড়ে প্রতিবাদ করেছিলেন তারা। তখনই সরকার পক্ষ থেকেই সাংসদদের শাস্তি দাবি জানানো হয়েছিল। শীতকালীন অধিবেশনের শুরুতেই অভিযুক্ত ১২ সংসদের শাস্তির দাবিতে প্রস্তাব আনে সরকার পক্ষ। সেই দাবি মেনেই ১২ সাংসদকে গোটা শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *