স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৫ এপ্রিল:
বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত ১, আহত ৪ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক একজন। ভয়াবহ ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালি থানার বেনালী এলাকায়। মৃত ব্যক্তির নাম সুশান্ত রায়।
সূত্রের খবর, গতকাল রাতে বেনালী এলাকার একটি বাড়িতে ৫ জন বোমা বাঁধছিল। হঠাৎ বোমা ফেটে যাওয়ার কারণে ৫জনই গুরুতর জখম হয়। বোমার আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এলে দেখতে পায় দুইজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। অন্যরা আহত অবস্থাতেই পালিয়ে যায়। স্থানীয় মানুষজন রক্তাক্ত অবস্থায় তাদের শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে সুশান্ত নামে একজনকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তার মৃত্যু হয়।
বাকি আরএকজন কৃষ্ণ রাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

বোমার আঘাতে বাকিরা অল্প আঘাত পাওয়ায় ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাঁসখালি থানার পুলিশ। কি কারণে তারা বোমা বাঁধ ছিল তার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ এরা মূলত সমাজ বিরোধী কাজের সঙ্গেই বেশিরভাগ যুক্ত থাকে।

