প্রতীতি ঘোষ, উওর ২৪ পরগনা, ২৭ এপ্রিল:
সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে মাস্কহীন পথযাত্রীদের হাতে মাস্ক ও গোলাপ ফুল তুলে দিল তরুছায়া ফাউন্ডেশনের সদস্যরা। সাধারণ মানুষদের সতর্ক করতে তাদের এই উদ্যোগ।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা বিশ্বে। রীতিমতো কাঁপছে সমগ্র ভারতবর্ষ, প্রতিদিন আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে। এ রাজ্যেও আক্রান্তের সংখ্যা দিনে ১৫ হাজার ছাড়িয়েছে, তবুও সচেতনতার অভাব দেখা দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এই করোনা যুদ্ধের অস্ত্র মাস্ক, তাই মাস্ক পরা জরুরী বলে ঘোষণা করা হয়েছে।
তার পাশাপশি প্রশাসনের তরফ থেকেও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। তবুও সচেতনতার অভাব সাধারণ মানুষের মধ্যে। মাস্কহীন মানুষদের কেউ কেউ বলছেন মাস্ক আনতে ভুলেগেছি, কেউবা বলছেন গরমে কষ্ট হচ্ছে, আবার কেউ বলছেন মাস্ক পকেটে আছে এখনই পরবো। কেউ কেউ বলছেন আমার করোনা হবে না আমি মাস্ক পরিনি তো আপনার কি হয়েছে?
সংগঠনের সদস্য স্বপ্না সাহা মন্ডল বলেন, “সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে সাধারণ মানুষ তত বেশি অসচেতন হচ্ছেন, তাদের সচেতন করতেই আজ আমরা তরুছায়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাটার মোড়ে এই মাস্ক ও গোলাপ দিয়ে তাদের লজ্জা দেবার চেষ্টা করছি, যাতে তারা রাস্তায় বেরোনোর সময় মাস্ক পরেই বেরোয়।”
সংগঠনের আর এক সদস্য দীপান্বিতা দত্ত বলেন, “মানুষকে সচেতন হতে হবে, সচেতনতাই আমাদের এই মহামারী থেকে রক্ষা করবে। আজকে সচেতন হলেই আগামীতে আমরা পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারব।”

