খড়্গপুরে তৃণমূলের বিজয়া সম্মেলনে কেন্দ্রের সমালোচনায় মুখর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ নভেম্বর: রাজ্য নেতৃত্বের নির্দেশে আজ সন্ধ্যায় খড়্গপুর শহরের ২৫ নং ওয়ার্ডের তৃণমূল কর্মীদের বিজয়া সম্মিলনী এবং গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা সহ সভাপতি দেবাশীষ চৌধুরী, স্থানীয় কাউন্সিলর আশা দোল‌ই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আজকের এই অনুষ্ঠানে এলাকার প্রায় শতাধিক বিভিন্ন ক্ষেত্রে ‌উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্বর্ধনা দেওয়া হয় দলের পক্ষ থেকে।

বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্র সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপি বাংলাকে জব্দ করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের নেতা অভিষেক ব্যানার্জি থাকতে এটা হতে দেবেন না। কারণ এটা তৃণমূলের লড়াই নয়, এটা মানুষের অধিকার রক্ষার আন্দোলন। লক্ষ লক্ষ গরিব মানুষের ন্যায্য পাওনা অন্যায় ভাবে আড়াই বছর ধরে আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মানুষকে নিয়ে এই আন্দোলনকে আরও জোরদার করে অধিকার ছিনিয়ে আনবেনই।

এদিনের বিজয়া সম্মেলনে তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলকে মিষ্টি মুখ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *