পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ মার্চ: আজ বামেদের বনধের কর্মসূচির দিন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকে রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্পের ক্যাম্প সরেজমিনে খতিয়ে দেখলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি। সেই ক্যাম্পে ঠিকঠাক মানুষ পরিষেবা পাচ্ছেন কি না, বা রেশন সামগ্রী নিয়ে মানুষের কোনো অভাব অভিযোগ রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করেন তিনি।
এছাড়াও তিনি হানা দেন ডিস্ট্রিবিউটারদের গোডাউনে। সেখানে খাদ্য সামগ্রী সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না তা দেখেন। এরপর সরকারি ধান্য ক্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখেন যে সেখানে সরকারি নিয়ম অনুযায়ী সঠিক ভাবে চাষিদের কাছ থেকে ধান কেনা হচ্ছে কি না। তিনি জানিয়েছেন, যে কয়েকটি জায়গা থেকে নালিশ এসেছিল রেশন ডিলার এবং ডিস্ট্রিবিউটারদের বিরুদ্ধে, আজ সরেজমিনে সব খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি ডিলার এবং ডিস্ট্রিবিউটরদের সতর্ক করে বলে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে রেশনিং ব্যবস্থা নিয়ে কোনোরকম গরমিল পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপভোক্তাদের রেশনের স্লিপ দেওয়ার জন্য নির্দেশও দেন রেশন ডিলারদের। তাছাড়াও ধান্যক্রয় কেন্দ্রগুলোতে উপস্থিত আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ভাবেই চাষিদের যেন বঞ্চিত করা না হয়। সরকারি মূল্যে যাতে চাষিদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হয় তারও নির্দেশ দেন তিনি।
এদিন কণিকা মান্ডি ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দফতরের অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ। প্রসঙ্গত, সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

