Sukanta, BJP, TMC, বিজেপির কর্মসূচিতে গেলে যুবসাথী ও লক্ষ্মীর ভান্ডার বাতিল! তৃণমূল নোংরা চক্রান্ত করছে, প্রমাণ সহ দাবি করে সরব সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২ মার্চ: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে পরিবর্তন যাত্রা শুরু করেছে বিজেপি। আর এই পরিবর্তন যাত্রায় যারা অংশগ্রহণ করবেন তাদের যুব সাথী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বাতিল করে দেওয়া হবে বলে নোংরা চক্রান্ত করছে তৃণমূল। এমনই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

বিজেপি নেতা সমাজ মাধ্যমে হোয়াটস অ্যাপের একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে গ্রুপের নাম লেখা ২৬৭ নম্বর বুথ তৃণমূল। ওই স্ক্রিনশটে লেখা আছে, প্রিয় সাথী— এতদ্বারা ২৬৭ নম্বর বুথের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জানানো যাচ্ছে, রবিবার মথুরাপুর থেকে বিজেপির একটি সংকল্প যাত্রা শুরু হবে। আর এই যাত্রায় যদি আমাদের বুথের বিজেপির কোন পুরুষ বা মহিলা সমর্থক যায় তাহলে তাদের যুবসাথী ও লক্ষ্মীর ভান্ডার বাতিল করে দেওয়া হবে। সেই জন্য বুথের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের জানানো হচ্ছে আপনারা সকলে সকাল থেকে একটুখানি খবর রাখবেন, কারা কারা যায়, এবং তাদের নাম বুথের নেতৃত্বকে জানানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাই। শেষে ধন্যবাদ জানিয়ে বর্ণ গোপাল মন্ডল নামে এক ব্যক্তির নাম রয়েছে স্ক্রিন শটে।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার সমাজ মাধ্যমে লিখেছেন, সমাজ বিরোধী দুর্বৃত্ত তৃণমূল কংগ্রেস কতটা নীচ এবং নক্কারজনক, প্রতিহিংসা পরায়ণ মানসিকতা পোষণ করে তা স্পষ্ট হয়ে যায় তাদের দলের একটি হোয়াটস অ্যাপ গ্রুপের মেসেজ দেখলেই। একই সঙ্গে তিনি লিখেছেন, মথুরাপুর সাংগঠনিক জেলায় ভারত সরকারের স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ পরিবর্তন যাত্রার সভায় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের স্থানীয় যে সকল কার্যকর্তা এবং সমর্থকরা যাবে, সকলের যুব সাথী এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বাতিল করে দেওয়া হবে বলে নোংরা চক্রান্ত করছে তৃণমূল।কেবল তাই নয়, ভবিষ্যতের জন্য তাদের চিহ্নিত করে রাখার নির্দেশও দেওয়া হয়েছে তৃণমূলের স্থানীয় যুব নেতৃত্বকে। তাঁর কথায়, তৃণমূলের এই জঘন্য প্রতিহিংসামূলক মানসিকতা প্রমাণ করে দেয়, গ্রামেগঞ্জে কী ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গণতান্ত্রিক অধিকারকে রুদ্ধ করতে এই ধরনের হুমকি ও বঞ্চনার রাজনীতি অত্যন্ত উদ্বেগজনক।

এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, বঞ্চনা এবং রাজনৈতিক প্রতিহিংসার এই সমস্ত প্রমাণ স্মরণে রাখা হবে। বাংলার প্রান্তিক খেটে খাওয়া মানুষের ওপর এই নক্কার জনক রাজনৈতিক প্রতিহিংসার উপযুক্ত জবাব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *