পঞ্চায়েত নির্বাচনে দলের প্রচারে এগিয়ে এলেন যুব তৃণমূলের সদস্যরা, চন্দ্রকোনায় বাড়ি বাড়ি ঘুরে চলছে লিফলেট বিলি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুন: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। ক্ষমতায় এলে কি কি সুযোগ-সুবিধা দেওয়া হবে এলাকাবাসীদের সেই নিয়ে প্রচার চালাচ্ছে রাজ্যের বিরোধী দলগুলি। তবে এবার সেই প্রচারে অংশগ্রহণ করলেন যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা।

রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলিকে মানুষের মধ্যে পৌঁছে দিতে হাতে লিফলেট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। একই সাথে এলাকার কোনো ব্যক্তি কোনো প্রকল্পের থেকে বঞ্চিত রয়েছে কি না সেইসব বিষয়েও খোঁজ নিচ্ছে যুব তৃণমূলের সদস্যরা। এই কর্মসূচি চলাকালীন সাধারণ মানুষের মধ্যে থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তীর।

চন্দ্রকোনার পলাশচাবড়ি, যাদবনগর সহ একাধিক এলাকায় এই প্রচার চালানো হচ্ছে সৌরভ চক্রবর্তীর নেতৃত্বে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রচার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন যুব তৃণমূলের সদস্যরা। একই সাথে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদী যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *