যুব মোর্চার কর্মীদের বিক্ষোভে কলকাতার মানিকতলায় উত্তেজনা, গ্রেফতার দলীয় কর্মীরা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৯ সেপ্টেম্বর: যুব মোর্চার মিছিলকে কেন্দ্র করে অশান্ত হল কলকাতার মানিকতলা চত্বর। দলীয় কর্মীদের উপর শাসক দলের অত্যাচারের প্রতিবাদে মানিকতলায় বিক্ষোভ কর্মসূচি নেয় যুবমোর্চা। রাস্তা বন্ধ করে রাজ্যের পুলিশের উপর আওয়াজ উঠতেই অশান্ত হল মানিকতলা চত্বর।
বিষ্ণুপুর কান্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে বুধবার বেলা আড়াইটে নাগাদ মানিকতলামোড় অবরোধ করে যুব মোর্চার কর্মীরা।

যুবমোর্চার কর্মীদের অভিযোগ ৪৮ ঘন্টা হয়ে গেলেও বিষ্ণুপুরে দলীয় মহিলা কর্মীকে গুলি করার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। মূল অভিযুক্তরা সবাই ফেরার বলে অভিযোগ যুবমোর্চার কর্মীদের। রাজ্য পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলে অবরোধ শুরু করার সাথে সাথেই পুলিশ বাধা দেয় বিক্ষোভকারীদের। পুলিশকে পাত্তা না দিয়েই যুবমোর্চার কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল জ্বালিয়ে দেন।

এরপর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ যুবমোর্চার কর্মীদের গ্রেফতার করতে শুরু করলে অশান্তি আরও বাড়ে। সেইসময় মানিকতলায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। প্রায় কুড়ি মিনিট ধরে পুলিশ ও বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় মানিকতলা চত্বরে। যুবমোর্চার কর্মীদের গ্রেফতার করে লালবাজার নিয়ে যায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *