অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ জুলাই: একদিকে যখন দেড় বছর ধরে করোনা মহামারির কারণে সাধারণ মানুষ একপ্রকার রুটি রুজি বিহীন ভাবে অসহায় জীবন যাপন করতে বাধ্য হচ্ছে, ঠিক তখন কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করে চলেছে। ইতিমধ্যে পেট্রোলের দাম একশো টাকা পার হয়েছে ঝাড়গ্রাম জেলা সহ পুরো রাজ্যে। ডিজেল প্রায় একশো ছুঁই ছুঁই। রান্নার গ্যাসের দাম সেও হাজারের দোরগোড়ায়। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবে এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের প্রতিটি গণ সংগঠন জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। যুব তৃণমূলের পক্ষ থেকে প্রতিটি ব্লক স্তরে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী রবিবার গোপীবল্লভপুর এক নম্বর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে গোপীবল্লভপুরে পেট্রোল পাম্পে হল গণ সাক্ষর সংগ্রহ অভিযান।

এদিন ব্লক যুব তৃণমূলের সভাপতি সত্যকাম পট্টনায়কের উদ্দেশ্যে, ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক, শিমলা সরেন, অভিষেক দাস ও যুব তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা গোপীবল্লভপুরের পেট্রোল পাম্পে আসা প্রতিটি মানুষকে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আলোকপাত করেন এবং গণ স্বাক্ষর সংগ্রহ করেন। পাম্পে আসা বেশির মানুষ তৃণমূলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।


