যুবকের তান্ডব, দোকান গাড়ি ভাঙ্গচুর, প্রতিবাদে ঘাটাল– চন্দ্রকোনা সড়ক অবরোধ

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৮ ডিসেম্বর:
সাতসকালেই গাড়ি থেকে শুরু করে দোকানের জিনিসপত্র ভাঙ্গচুর সহ সাধারন মানুষকে ব্যাপক মারধরের পর উত্তাল হল ঘাটালের বরদা চৌকান মোড়। এরপরই ব্যবসায়ীরা সহ স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ঘাটাল–চন্দ্রকোনা সড়ক অবরোধ শুরু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মান্দারিয়ার এক যুবক আফসার খান আজ সকালেই বরদা চৌকোনের কয়েকটি দোকানের জিনিসপত্র ভাঙ্গচুর করে। এইখানেই শেষ নয় বাইক, ট্রাক ও মারুতি গাড়ির কাঁচ ভাঙ্গচুর করে এমনকি আমজনতার ওপরেও হামলা করে ও মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

কেউ কেউ জানাচ্ছেন আফসার খান নামে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। আবার কেউ কেউ বলছেন মানসিক ভারসাম্যহীন না, ইচ্ছাকৃতভাবে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে ওই ব্যক্তি। জানা গেছে, এর আগেও ওই ব্যক্তিকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল।

এই ঘটনার জেরে ওই এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ঘাটাল চন্দ্রকোনা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘাটাল থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবি করলে পুলিশের সাথে আলোচনা করে অবরোধ তুলে দেন। এরপর বরদার চৌকানে ব্যবসায়ী সমিতি ঘাটাল থানার অফিসারদের সাথে আলোচনায় বসেন। ব্যবসায়ী সমিতির সভাপতি দশরথ দোলই বলেন, আলোচনা হয়েছে, থানায় অভিযোগ দেওয়ার কথা বলেছেন। ঐ যুবককে পুলিশ আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *