স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ মার্চ: খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া একটি বোমা বিস্ফোরণে গুরুতর আহত এক কিশোর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের শিয়ালতোড় গ্রামে। আহত ওই কিশোরের নাম আখতার আলী (১৩)। স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বাড়ির বাইরে খেলতে গিয়ে একটি বস্তু কুড়িয়ে নিয়ে আসে আখতার, পরবর্তী সময়ে কুড়িয়ে পাওয়া বস্তুটি বাড়িতে নিয়ে এসে ঘরে নাড়াচাড়া করতেই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে বাঁ হাত এবং মুখে গুরুতর চোট পায়। বিস্ফোরণের শব্দে আক্তারের মা ইউসুফা খাতুন ছুটে এসে দেখেন ছেলে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে আছে।
তাকে তড়িঘড়ি রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে আনা হয়। আহত আখতারের মা ইউসুফা খাতুন বলেন, প্রতিদিনের মতো আজও বাইরে খেলতে গিয়েছিল আখতার, রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা বস্তু নিয়ে বাড়িতে এসেছিল। তারপর হঠাৎ বিস্ফোরণের শব্দে ঘরে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। ঘটনার জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কীভাবে এই বিস্ফোরণ ঘটলো তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও পুলিশে কোনও অভিযোগ জানানো হয়নি। কিন্তু কি কারনে এই বিস্ফোরণের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে।

