বিক্ষোভকারীদের ওপর ‘পুলিশি নির্যাতনের’ প্রতিবাদ যুব কংগ্রেসের

আমাদের ভারত, কলকাতা, ১৪ মার্চ: সোমবার কলকাতায় বিক্ষোভকারীদের ওপর ‘পুলিশি নির্যাতনের’ প্রতিবাদ জানাল যুব কংগ্রেস।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ জানান, “রবিবার ঝালদা পৌরসভার ২নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে তৃণমূল দুষ্কৃতীরা গুলি করে হত্যা করেছে। এরই প্রতিবাদে সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ‌ মিছিলের ডাক দেওয়া হয়েছিলো।

বিধান ভবন থেকে মৌলালি মোড় পর্যন্ত মিছিল করা হয়। মৌলালি মোড় অবরোধ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। জোর করে পুলিশ অবরোধ ওঠাতে এলে ছাত্র পরিষদ কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বাধে। পুলিশ ব্যাপকভাবে ছাত্র পরিষদ কর্মী সমর্থকদের মারধর করে,‌ লালবাজারে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যানেও চলে নির্মম নির্যাতন।

দু’জন ছাত্র পরিষদ কর্মীর শারীরিক অবস্থা পুলিশের মারধরের‌ ফলে খারাপ হলে, তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *