“আপনাদের অনুরোধ, ২২ তারিখ অযোধ্যায় আসবেন না, বাড়িতে রামজ্যোতি জ্বালান,” কেন একথা বললেন প্রধানমন্ত্রী?

আমাদের ভারত, ৩০ জানুয়ারি: ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় ভক্তদের বিশাল ভিড় হওয়ার সম্ভাবনা। তাই, দেশবাসীর কাছে হাত জোড় করে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, ওইদিন অযোধ্যায় আসবেন না। একইসঙ্গে ঐদিন দেশবাসীর কাছে একটি আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অযোধ্যা ধামে না গিয়ে রামলালার প্রতিষ্ঠার দিন দেশবাসীকে বাড়িতে রামজ্যোতি প্রজ্জ্বলনের অনুরোধ করলেন তিনি।

আজ নরেন্দ্র মোদী অযোধ্যায় রোড শো করেন। ফুলের বৃষ্টি, জয় শ্রীরাম জয়ধ্বনি দিয়ে স্বাগত জানান রামনগরীর বাসিন্দারা। তিনি উদ্বোধন করেন অযোধ্যার আন্তর্জাতিক এয়ারপোর্ট ও রেল স্টেশনের নতুন ভবনের। দুটি এক্সপ্রেস ট্রেনেরও উদ্বোধন করেন। অযোধ্যার উন্নয়নমূলক কাজের খতিয়ান দেওয়ার পাশাপাশি সভা মঞ্চ থেকে নরেন্দ্র মোদী বলেন, “২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য গোটা বিশ্ব অপেক্ষা করে রয়েছে। দেশের রাম ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ দিন। কিন্তু আমি হাতজোড় করে বারবার অনুরোধ করছি আপনারা সেদিন অযোধ্যায় আসবেন না। আমি জানি রাম ভক্তরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু এটাও বাস্তব, ওই দিন সকলের পক্ষে অযোধ্যায় পৌঁছানো সম্ভব নয়। দেশের সমস্ত প্রান্তে রামভক্তদের কাছে প্রার্থনা আপনারা ২২ জানুয়ারি অনুষ্ঠানের পর নিজেদের সুবিধা মতো অযোধ্যায় আসুন। ২২ তারিখ অযোধ্যায় আসবেন না। রামলালার কষ্ট হবে এমন কাজ কখনো করবেন না। মন্দির নির্মাণের জন্য এতদিন অপেক্ষা করেছেন। কিছুদিন আরও অপেক্ষা করুন। সুরক্ষার কথা চিন্তা করেই আপনাদের সকলের কাছে বারবার অনুরোধ করছি। ২২ জানুয়ারি উদ্বোধনের দিন দর্শনের জন্য আসবেন না। চিন্তা করবেন না, মন্দির এখানেই আছে। এরপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এক বছর পর যখন খুশি আসুন। মন্দির তো থাকবেই।” প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আগেই প্রতিদিন ভক্তদের ভিড় বাড়ছে। ইতিমধ্যেই অযোধ্যাগামী সব ট্রেনেই রিজার্ভেশন ফুল হয়ে গেছে। উত্তরপ্রদেশ প্রশাসনের ধারণা ২২ জানুয়ারি বিশাল সংখ্যক মানুষের ভিড় হতে পারে। তাই, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়,সেই জন্যই প্রধানমন্ত্রী ওই দিন অযোধ্যায় না আসার জন্য অনুরোধ করেছেন।

মোদী বলেন, ১৪০ কোটি দেশবাসীকে হাত জড়ো করে প্রার্থনা করছি, অযোধ্যায় ২২ জানুয়ারি যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, তখন প্রতিটি ঘরে আপনারা প্রদীপ জ্বালান। দীপাবলি পালন করুন। সন্ধ্যায় যেন গোটা দেশ ঝলমল করে ওঠে।”

2 thoughts on ““আপনাদের অনুরোধ, ২২ তারিখ অযোধ্যায় আসবেন না, বাড়িতে রামজ্যোতি জ্বালান,” কেন একথা বললেন প্রধানমন্ত্রী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *