অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ এপ্রিল: নিজের ঘরের ভেতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোপীবল্লভপুরের আলমপুর গ্রামে। মৃত তরুণীর নাম কেয়া চন্দ, বয়স ২২ বছর।
স্থানীয় সুত্রে জানাগেছে, শুক্রবার ভোর রাতে নিজের বাড়ির দোতলায় শোবার ঘরে কেয়া চন্দকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখা যায়।পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।
মেয়েটির মায়ের দাবি, কেয়া একটি হার্বাল প্রোডাক্টের কোম্পানিতে কাজ করতো। শুক্রবার রাতে সেই কোম্পানির সাথে ফোনে ঝামেলা হয়। তার পর খাওয়া দাওয়া করে ঘুমোনোর পর রাতে কিভাবে যে আত্মহত্যা করল কিছু বোঝা যাচ্ছে না। এদিকে এলাকার একটি উচ্চ শিক্ষিত মেয়ের এই আত্মহত্যার ঘটনায় একপ্রকার বাকরুদ্ধ আলমপুর গ্রামের সাধারণ মানুষ। অন্যদিকে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসন।

