আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১১ মার্চ:
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন এই অভিযোগ তুলে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমা জুড়ে তৃণমূল কর্মীরা লাগাতার বিক্ষোভ কর্মসূচি শুরু করল বৃহস্পতিবার সকাল থেকে। কখনো বাসন্তী হাইওয়ে, কখনো সুন্দরবনের সীমান্ত এলাকায়, আবার কখনো ইটিন্ডা ও টাকি রোডে মোদী ও শুভেন্দুর কুশপুতুল দাহ করে বিক্ষোভ, অবরোধ কর্মসূচি পালন করল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।

রাজ্য তৃণমূল যুব সাধারণ সম্পাদক বাদল মিত্র, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমীক রায় অধিকারী, চন্দন মুখার্জি, ছাত্র নেতা অভিষেক মজুমদারসহ অন্যান্য ছাত্ররা বসিরহাট কলেজের সামনে টাকি রোডে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। তাদের অভিযোগ, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চক্রান্ত করে হামলা হয়েছে। তার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ কর্মসূচি, বিজেপির এই নোংরামি বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছে বসিরহাটের তৃণমূল কর্মীরা। যত সময় যাচ্ছে ততই বিক্ষোভ কর্মসূচি বাড়ছে উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেস কর্মীদের।

