জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ৪ এপ্রিল: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে যুবককে কুপিয়ে খুন। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গলসীর সন্তোষপুর গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম উৎপল ঘোষ(৩৩)। পেশায় মাছ চাষ করে। পূর্ব বর্ধমানের গলসীর লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামের বাসিন্দা। পরিবার সুত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় নিজের বাড়িতে তার ছয় বছরের বাচ্চাকে পড়াচ্ছিলেন। ওই সময় তাকে ফোন করে ডাকে গ্রামের কোনো এক ব্যক্তি। তারপরই গ্রামের মানুষজন দেখতে পায় পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে উৎপল। তার মাথায় আটকে রয়েছে গোটা আস্ত একটি কুড়ুল।
গ্রামবাসীরা তাকে উদ্ধার করে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসী থানার পুলিশ। তবে কি কারণে এই খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ।

